বেশ কিছুদিন ধরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আশপাশে ঘুরঘুর করছিলেন মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে তরুণী। একই কাপড়ে হাসপাতালের আঙ্গিনায় তাকে ছোটাছুটি করতে দেখে নার্স ও চিকিৎসকরা কয়েকবার পরীক্ষা-নিরীক্ষার চেষ্টা করেও পারেনি।
অবশেষে ৩ জুলাই শুক্রবার রাতে ওই নারী হাসপাতালের ভেতরে প্রবেশ করলে কর্তব্যরত নার্স ও চিকিৎসক তাকে দ্রুত গাইনী বিভাগে নিয়ে যান। সেখানেই তিনি একটি ফুটফুটে নবজাতক সন্তানের জন্ম দেন।
হাসপাতালে নার্সেরা জানান, প্রসূতি ও নবজাতক দুজনই বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন এবং সুস্থ আছেন। তবে প্রসবের পরও ওই নারীর কাছ থেকে সন্তানের পিতৃপরিচয় বা নিজের ঠিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। মানসিক অবস্থার কারণে তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না।
এদিকে ৪ জুলাই শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রশাসক ও সমাজসেবা অফিসকে জানিয়েছেন। মা ও নবজাতকের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে একটি কেবিনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, রোগী ও নবজাতক দুজনই তাদের পর্যবেক্ষণে আছে। মানবিক দিক বিবেচনা করে তাদের সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে। কারও পরিচিত হলে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
তিনি আরো জানান, নবজাতকের বিষয়ে জেলা প্রশাসক ও সমাজ সেবার শিশু কল্যাণ কমিটির সিদ্ধান্তনুযায়ী তাকে লালন-পালনের জন্য আগ্রহীদের আবেদনের প্রেক্ষিতে কোন পরিবারের কাছে দেয়া হতে পারে।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৪ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur