চাঁদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘রহি যেন চির উন্নত শির’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও আমাদের সমাজকে আলোকিত করছে। তরুণ প্রজন্মকে নজরুলের আদর্শ ধারণ করে দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, নজরুল কেবল একজন কবি নন, তিনি ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর। তাঁর রচনা আমাদের সাহস, শক্তি ও প্রেরণা জোগায়। নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং জেলা গ্রন্থাগারিক উম্মে রায়হানা ফেরদৌসের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রচনী চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদেন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার/ ১২ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur