Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে তরুণ ও যুবকদের মাঝে উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপহার
তরুণ

হাইমচরে তরুণ ও যুবকদের মাঝে উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপহার

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল উপহার দিয়েছে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা। তরুণদের সুস্থ বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশ এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় হাইমচর উপজেলার পূর্বচর কৃষ্ণপুর এলাকায় ইউপি সদস্য সোহেল পাটোয়ারীর বাড়িসংলগ্ন খেলার মাঠে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, “সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ ও যুবসমাজ একটি পরিবার, সমাজ এবং দেশের মূল্যবান সম্পদ। এই সম্ভাবনাময় প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। তরুণেরা মাঠে যত বেশি সময় দেবে, তত বেশি সুস্থ ও ইতিবাচক চর্চার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু ফুটবল বিতরণ করা নয়; বরং তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করা এবং তাদের সঠিক পথে পরিচালিত করা। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পরিবার, সমাজ এবং প্রশাসন—সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অভিভাবকদেরও সন্তানদের প্রতি যত্নশীল হতে হবে এবং খেলাধুলার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি সুন্দর, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারব।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সমপাদক খোরশেদ আলম কোতয়াল, হাইমচর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন আসিফসহ ফুটবলপ্রেমী খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের মতে, তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি হলে তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২০ অক্টোবর ২০২৬