“আসুন সবাই শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর শহরের পুরানবাজারে কিশোর গ্যাং ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (১১ জুন) বিকেলে পুরানবাজার নতুন চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান।
এ সময় তিনি বলেন, আমরা শুধু বক্তব্য দিতে আসিনি, কাজ করে দেখাতে এসেছি। চাঁদপুর জেলাকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এজন্য পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি এলাকাবাসীকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সন্তানদের প্রতি আরও বেশি নজরদারি করতে হবে। তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে সচেতন থাকতে হবে। অযথা গভীর রাতে বাইরে ঘোরাঘুরি করতে না দেওয়া এবং তাদের নৈতিক শিক্ষা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা জরুরি।
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে কিশোর গ্যাং একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও পুলিশ প্রশাসন একযোগে কাজ করলে এ সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফরিদ আহমেদ বেপারী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের তাছির বেপারী, ১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি এবং পুরানবাজার ওসমানিয়া জামে মসজিদের খতিব মাওলানা আলী আহমেদ।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূল করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; বরং সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তারা মাদক ও অপরাধবিরোধী কর্মকাণ্ডে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একইসঙ্গে এলাকায় কেউ মাদক সেবন, মাদক বিক্রি কিংবা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় পুরানবাজার ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, বিট পুলিশিং কমিউনিটির সদস্য, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ চাঁদ মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় বক্তারা মাদক ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ সমাজ গঠনে পুলিশ-জনতার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধমুক্ত একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে সভার সমাপ্তি ঘটে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/
১২ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur