ঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার পর ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন আওয়ামী লীগ নেতা মোঃ অলি উল্লাহ প্রধান (৪৩)। তিনি সোমবার রাত পৌনে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে ওইদিন বেলা ১১ টায় ঢাকার (সাইনবোর্ড) সাদ্দাম মার্কেট এলাকায় মারাত্মকভাবে দূর্ঘটনায় আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহত মোঃ অলিউল্লাহ প্রধান চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ যমজ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর কচুয়া উপজেলার উত্তর পালাখাল খানেকা শরীফ মাঠে জানাজা শেষে মরহুমের লাশ নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজ পড়ান পালাখাল ছালেহীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতী আব্দুর রাজ্জাক আনোয়ারী। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ওই মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কাসেম ভুঁইয়া। এসময় কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহজালাল প্রধান জালাল, ৪নং পালাখাল মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার লিটনসহ কয়েক শতাধিক মুসল্লি তার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur