Home / চাঁদপুর / মা ইলিশ সংরক্ষণে জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’
মা ইলিশ

মা ইলিশ সংরক্ষণে জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’

মা ইলিশ সংরক্ষণে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে চাঁদপুরের জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “ক্লিন চাঁদপুর”। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকা, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার না করা এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরান বাজারের রনাগোয়াল, হরিসভা, দোকানঘর ও বহরিয়া এলাকায় মাইকিংয়ের মাধ্যমে এ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।পাশাপাশি এসব এলাকার প্রায় দুই শতাধিক জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রচারণাকালে জেলেদের প্রতি নির্ধারিত ২২ দিন মা ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার না করে মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ করে দিতে অনুরোধ জানানো হয়।

“ক্লিন চাঁদপুর” এর প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ বলেন, উপকূলীয় এলাকার জেলেদের সরকারের নির্ধারিত সময় পর্যন্ত ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছি। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, সরকার নিষেধাজ্ঞার সময়ে জেলেদের খাদ্যসহায়তা দিচ্ছে। তারপরও জেলেদের পাশে দাঁড়াতে আমরা সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র উপহার নিয়ে এসেছি, যাতে এই সংকটময় সময়ে তাদের কিছুটা হলেও সহায়তা হয়।

উল্লেখ্য, “ক্লিন চাঁদপুর” প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে ‘বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ বিতরণ’ কর্মসূচি, সড়কে শৃঙ্খলা রক্ষা, সড়ক সংস্কার এবং বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোসহ নানা উদ্যোগে সংগঠনটির সদস্যরা কাজ করে যাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে সরকারের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছে সংগঠনটি।

স্টাফ রিপোর্টার/
১২ অক্টোবর ২০২৬