চাঁদপুরের কচুয়া উপজেলার মালচোয়া যুব শক্তি একতা সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল, মাদকবিরোধী র্যালি, শিক্ষা সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার মালচোয়া শিকদার বাড়ি এলাকা থেকে সংগঠনের উদ্যোগে একটি বিশাল মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল ইসলাম শিকদার।
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালি শেষে মালচোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল ইসলাম শিকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা ও পরামর্শক সদস্য মো. সানা উল্যাহ শিকদার শরীফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মফিজুল ইসলাম, ইউপি সদস্য মো. শাহজালাল শিকদার এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুজন সরকারসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের কারণে তরুণ সমাজের ভবিষ্যৎ বিপন্ন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। পরে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শামসুদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সহ-প্রচার সম্পাদক শিপন পাটোয়ারীসহ যুব শক্তি একতা সংঘের বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মালচোয়া যুব শক্তি একতা সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং এলাকার তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১০ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur