৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার আহ্বান- হারুনুর রশিদ
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে এক বিশাল আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে বিআরডিবি মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজন আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী ও মহসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, উপজেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন ভূঁইয়া ও মো. রাসেদ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিনের ক্রান্তিলগ্নে শক্ত হাতে হাল ধরে দেশকে সুসংগঠিত করেছিলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, শিত আসলে কিছু কিছু লোকের সমস্যা হয়। এতে আপনারা বিচলিত হবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা এবং বর্তমান প্রধানমন্ত্রী মন্ত্রী তারেক রহমান দল বিএনপি। দীর্ঘদিন পর দল রাষ্ট্রীয় দায়িত্বে এসেছে। এই অর্জনকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। দল বাঁচলে আমরা ভালো থাকব। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা দেখেছেন কীভাবে মামলা-হামলার শিকার হয়েও আমরা জনগণের পাশে থেকেছি। বিগত ২১ বছর ধরে সুখে-দুঃখে আপনাদের পাশেই ছিলাম, ভবিষ্যতেও থাকব।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ইস্পাতকঠিন ঐক্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার এবং জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিরাজ সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
প্রতিবেদক: শিমুল হাছান,
৯ নভেম্বর ২০২৬