সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের সাংবাদিকের ছেলে নিহত 

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জের মোঃ আলমাছ সরদার ফরিদ (২৪) নিহত হয়েছেন। সে ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বালিথুবা সরদার বাড়ির  সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে।

সাংবাদিক আবু তালেব সর্দার জানান, জীবিকার সন্ধানে প্রায় দুই বছর নয় মাস আগে সৌদি আরবে যায় আমার ছেলে ফরিদ। গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। দীর্ঘ খোঁজাখুঁজির পর বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সৌদি আরবের অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে আমার মুঠোফোনে  মৃত্যুর খবর জানানো হয়।

ফোনে জানানো হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যু হয়েছে। তবে দীর্ঘ ২০ দিন পর পরিবার এ খবর জানতে পারে।

চার ভাইবোনের মধ্যে ফরিদ ছিলেন সবার ছোট। তাঁর মৃত্যুসংবাদে পরিবারে শোকের মাতম নেমে আসে। 

নিহতের স্বজনেরা মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে সাংবাদিক আবু তালেব সরদারের ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ।  মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


প্রতিবেদক: শিমুল হাছান,
১৫ এপ্রিল ২০২৬