Home / সারাদেশ / কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৮৮
পুলিশের

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৮৮

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন সদস্যসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে। গত ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুতফুর রহমান জানান, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান,-এর নির্দেশনায় জেলার সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করার পাশাপাশি চিহ্নিত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আটককৃত ২৮৮ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ২০৭ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, গুরুতর অভিযোগ না থাকায় বাকি ৮১ জনকে মুচলেকা নিয়ে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ আরও জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২১ নভেম্বর ২০২৬