মে দিবস উপলক্ষে ফরিদগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ফরিদগঞ্জ শ্রমিকদল, পৌর শ্রমিকদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আজিম খান, সাধারণ সম্পাদক দুলাল মিয়া জমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান পাটোয়ারী, পৌর শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম পিঙ্কু এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশের উন্নয়নে শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিবেদক: শিমুল হাছান/১ মে ২০২৬