দুই বন্ধুর বিদেশ যাওয়ার কথা, সড়ক দুর্ঘটনায় স্বপ্ন শেষ

তিন দিন আগে কক্সবাজারে বেড়াতে গিয়ে চাঁদপুরে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘি এলাকায় ট্রাক চাপায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহি পাটোয়ারী (২১) ও ফিরোজ হোসেন তাওহীদ (২২) চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজার সংলগ্ন সাহারপাড় গ্রামের বাসিন্দা। তারা একই সঙ্গে বেড়ে ওঠা ও একই সঙ্গে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত মাহি পাটোয়ারী মিজানুর রহমান পাটোয়ারী এর পুত্র ও ফিরোজ হোসেন তাওহীদ মনির হোসেন এর পুত্র। দুই বন্ধুর একসঙ্গে এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহি পাটোয়ারী আগামী দুই মাস পর ইতালি ও ফিরোজ হোসেন তাওহীদ চলতি মাসের ৩০ সেপ্টেম্বর কাতারে যাওয়ার কথা ছিল। একটি সড়ক দুর্ঘটনায় তাদের স্বপ্ন শেষ হয়ে যায়।

এদিকে মঙ্গলবার রাতে শেষ চোখের জলে পৃথক জানাজা শেষে তাদের কচুয়ার সাহারপাড় গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২ সেপ্টেম্বর ২০২৬