ফরিদগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কিলার মাসুদ চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

অস্ত্র মামলার ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. মাসুদুল করিম ওরফে কিলার মাসুদ (৫০) গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ টিম।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দিবাগত রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশনায় চট্টগ্রাম বন্দর নগরীর ডবলমুরিং থানা এলাকায় র‌্যাব-৭ এবং ফরিদগঞ্জ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

অভিযানে ফরিদগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুল হক ও জমায়েত হোসেন জুয়েলসহ সঙ্গীয় পুলিশ সদস্য ও র‌্যাবের প্রতিনিধি দল অংশ নেন।

গ্রেপ্তারকৃত কিলার মাসুদ ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল হালিম ভূঁইয়ার ছেলে।

তিনি ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, একটি অস্ত্র মামলায় আদালত মো. মাসুদুল করিম ওরফে কিলার মাসুদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক ছিলেন। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় তাঁর অবস্থান নিশ্চিত করে র‌্যাব-৭-এর সহায়তায় রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, কিলার মাসুদ অস্ত্র মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত একজন দুর্ধর্ষ পলাতক আসামি। তাঁকে গ্রেপ্তারে পুলিশের নিরবচ্ছিন্ন চেষ্টা ছিল। অবশেষে তথ্যপ্রযুক্তি ও র‌্যাবের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ আগস্ট ২০২৬