ফরিদগঞ্জে পাউবোর গাছ নিজের দাবি করে বিক্রি!

চাঁদপুরের ফরিদগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন খালের পাড়ের গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ বিক্রির এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কাজী।

বুধবার (২২ জুলাই) চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় এই লিখিত অভিযোগ করেন। এর আগে ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের আনন্দ বাজার এলাকার ‘১৯-বি’ খালের পাড়ে গাছ কাটার এই ঘটনা ঘটে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দ বাজার এলাকার ১৯-বি খালের পাড়ে থাকা রেইন্ট্রি ও কড়ইসহ বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি দামি গাছ বিক্রি করে দেন সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজী ও তাঁর সহযোগীরা গাছের ক্রেতা স্থানীয় হারুনুর রশিদ জানান, তিনি সাবেক চেয়ারম্যানের কাছ থেকে নগদ অর্থ দিয়ে গাছগুলো কিনেছেন এবং পরবর্তীতে তা কেটে নিয়েছেন। তবে গাছগুলো সরকারি সম্পত্তির কি না-এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার বলেন, “সরকারি খালের পাড়ে থাকা পাউবোর সম্পদ বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। খালের সুরক্ষা ও সরকারি সম্পদ রক্ষায় আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশা করছি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে সব অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজী দাবি করেন, “যে জায়গা থেকে গাছ বিক্রি করা হয়েছে, সেটি আমাদের দুই পরিবারের ব্যক্তিমালিকানাধীন জমি। গাছগুলো বহু আগে আমার শ্বশুর রোপণ করেছিলেন। আমরা আমাদের নিজস্ব সম্পত্তি ও গাছ বিক্রি করেছি, সরকারি কোনো গাছ বিক্রি করিনি।”

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, “পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রতিবেদক: শিমুল হাছান,
২৫ জুলাই ২০২৫