ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেয়ায় আটক ১
চাঁদপুরের ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে শারাফাত হোসেন কাজী রিমেল (২২)কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে আটক করে থানা-পুলিশের হাতে সোপর্দ করেন।
গ্রেপ্তারকৃত রিমেল ফরিদগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি পিংকু কাজীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফরিদগঞ্জ পৌর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
সেই মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে শনিবার সকালে ছাত্রদলের কর্মীরা রিমেলকে আটক করেন এবং পরবর্তীতে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ তাঁকে হেফাজতে নেয় এবং গত ১৩ আগস্ট ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় (মামলা নম্বর: ১৭/২০২৬) গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে জড়িত থাকা এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় শারাফাত হোসেন কাজী রিমেল নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালত তাঁকে জেলহাজতে প্রেরণ করেছেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৫ আগস্ট ২০২৬