ফরিদগঞ্জে তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে চার পিস ইয়াবাসহ তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বর্ডার বাজার এলাকায় ফরিদগঞ্জ থানা-পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-সোহেল (৩০ দিনের কারাদণ্ড), আল আমিন (৬০ দিনের কারাদণ্ড) এবং রাকিব হোসেন (৩০ দিনের কারাদণ্ড)। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় চার পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের এই দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযানে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুয়েল মিয়া, মাসুদ আলম ও সান্তনু দাসসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এমন জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৬ আগস্ট ২০২৬