ফরিদগঞ্জের এমপি এম. এ. হান্নানের শাশুড়ি মারা গেছেন
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. হান্নানের শাশুড়ি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম হাজী মোহাম্মদ খাইরুল আলম সেলিম মুন্সির সহধর্মিণী মোসা. শিরিন আক্তার (৬২) ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমা শিরিন আক্তার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্তূতি, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঐতিহ্যবাহী মুন্সিরহাট জি.অ্যান্ড.এ আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. হান্নানের শাশুড়ির আকস্মিক প্রয়াণে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিবেদক: শিমুল হাছান,
৬ সেপ্টেম্বর ২০২৬