রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি’র প্রার্থী ঘোষণা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার ১৩ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়। পরে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদকে প্রার্থী করেছে। বৃহস্পতিবার দুপুরের আগে জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেন।
ইসির তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারেন। যাচাই-বাছাইয়ের পর বৈধ মনোনয়নপত্রগুলোর মধ্যে প্রার্থিতা চূড়ান্ত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটারদের সরাসরি ভোট দেওয়ার সুযোগ নেই। সংসদ সদস্যরা প্রকাশ্য ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
১৩ আগস্ট ২০২৬
এ জি