সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভিটামিন ডি ইনজেকশন প্রদান অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রোগ্রামে এক হাজারের বেশি অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর পৌর এলাকার পুরানবাজারে ২নং ওয়ার্ডে চাঁদপুর ইউনানি তিব্বীয়া মেডিকেল কলেজে এ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের ভিটামিন ডি ইনজেকশন, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করেন শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুরের মেডিকেল অফিসার ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা ডা. মেহেদী হাসান শুভ।
সামাজিক সংগঠন ‘বিজয়ী’-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সার্বিক সহযোগিতা ও চাঁদপুর শ্রম কল্যান কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনানী তিব্বিয়া কলেজের অধ্যক্ষ হাকীম মোঃশাহেদ হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সেবা দেন হাকীম ডাঃ মোঃ নাজমুল হোসেন। এছাড়াও সার্বিক দিকনির্দেশনা ও কো-অর্ডিনেটর হিসেবে উক্ত প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হাকীম আশিকুর রহমান খান। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিজয়ীর একঝাঁক স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
মেডিকেল ক্যাম্প এর আয়োজক ও ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন “মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিকতা। সেই তাগিদ থেকেই আমরা দীর্ঘদিন ধরে চাঁদপুরের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, চক্ষু চিকিৎসা, চশমা প্রদান এবং চোখের ছানি অপারেশনের মতো কার্যক্রমগুলো আমরা গত ৬ বছর ধরে ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছি।”
তিনি আরও বলেন, “স্থানীয় মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের মূল অনুপ্রেরণা। আগামীতেও যেন আমরা এই মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে পৌঁছে দিতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
প্রধান অতিথির বক্তব্যে হাকীম মোঃ সাহেদ হোসেন পাটোয়ারী বলেন, “চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্র এবং সামাজিক সংগঠন ‘বিজয়ী’-এর এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে বর্তমান সময়ে আমাদের সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রিতে ভিটামিন ডি ইনজেকশন ও ঔষধ প্রদান করা একটি অনন্য মানবিক দৃষ্টান্ত। চাঁদপুর ইউনানি তিব্বীয়া মেডিকেল কলেজ সবসময়ই এ ধরনের সেবামূলক কার্যক্রমে যুক্ত থাকতে পেরে গর্বিত। সুস্থ সমাজ বিনির্মাণে সরকারি উদ্যোগের পাশাপাশি ‘বিজয়ী’র মতো সামাজিক সংগঠনগুলোর এই ৬ বছরের ধারাবাহিক পথচলা সত্যিই আমাদের অনুপ্রাণিত করে। আমি এই মানবিক ক্যাম্পের সফল সমাপ্তি কামনা করছি এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প শেষে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ তুলে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার,
২৭ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur