দিলদারহীন ঢাকাই সিনেমার ২৩ বছর
কাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতার আসন দখল করা দিলদার নেই আজ ২৩ বছর। মানুষকে তাঁর মতো করে আর কে হাসাতে পারতেন! ২০০৩ সালের আজকের দিনে (১৩ জুলাই) ৫৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তুমুল জনপ্রিয় এই মানুষটি।
দিনটিতে মূলত পরিবারই দিলদারকে স্মরণ করে। একসময় এফডিসিতে তার স্মরণে আয়োজন হতো। কয়েক বছর ধরে সেটাও আর হয় না। তবে দর্শকের হৃদয়ে ঠিকই জায়গা করে আছেন এ অভিনেতা।
দিলদারের পুরো নাম দিলদার হোসেন। ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। ১৯৭২ সালে ‘কেন এমন হয়’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে- ‘বেদের মেয়ে জোসনা’ ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘সুন্দর আলী জীবন সংসার’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘শান্ত কেন মাস্তান’ ‘গাড়িয়াল ভাই’, ‘অচিন দেশের রাজকুমার’, ‘প্রেম যমুনা’, ‘বাঁশিওয়ালা’ ইত্যাদি উল্লেখযোগ্য।
নিজ নামে ও চরিত্রে দিলদার অসামান্য জনপ্রিয়তা লাভ করেছিলেন। সেই সুবাদে তাকে কেন্দ্রীয় চরিত্র করেই নির্মিত হয়েছিল সিনেমা, ‘আব্দুল্লাহ’। এ সিনেমাটিও দর্শকের মন জয় করেছিল।
জীবনের শেষ সময়ে এসে পেয়েছিলেন রাষ্ট্রীয় স্বীকৃতি। ২০০৩ সালে ‘তুমি শুধু আমার’ সিনেমার জন্য সেরা কৌতুক অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান দিলদার।
নায়কসহ অভিনেতা ও খল অভিনেতার চরিত্রে অভিনয় করলেও ঢাকাই সিনেমায় কৌতুক অভিনেতা হিসেবে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছেন দিলদার।
চাঁদপুর টাইমস ডেস্ক/
১৩ জুলাই ২০২৬