প্যাপিরাস সাহিত্য পুরস্কার পেলেন কবি শিউলী মজুমদার

চাঁদপুরের প্যাপিরাস পাঠাগার প্রবর্তিত ‘প্যাপিরাস সাহিত্য পুরস্কার-২০২৬’ পেয়েছেন কবি শিউলী মজুমদার। কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সাংবাদিক ক্লাবে পাঠাগারটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
শিউলী মজুমদারের জন্ম ১৯৮৩ সালের ৬ আগস্ট চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বেলঘর গ্রামে। পেশায় তিনি একজন শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় গল্প ও কবিতা লিখে আসছেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আড়ালে আবৃত’ কাব্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়।

শিল্প-সাহিত্যের কাগজ ‘লোরাম’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। যুক্ত আছেন ‘ভিসুভিয়াস’-এর সম্পাদনা পরিষদের সঙ্গেও। বর্তমানে তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি দোনাগাজী পদক-২০২৫ ও ২০২৬-এর জুরিবোর্ডের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

‘প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’—এ স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের ১০ অক্টোবর কবি রফিকুজ্জামান রণির হাত ধরে যাত্রা শুরু করে প্যাপিরাস পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকেই যুবসমাজকে বইমুখী করতে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে পাঠাগারটি।

শিক্ষাবৃত্তি প্রদান, স্কুলব্যাগ উপহার, শিক্ষা উপকরণ বিতরণ, সাহিত্য আড্ডা আয়োজন ও গুরুত্বপূর্ণ দিবস পালনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ‘লোরাম’ নামে একটি শিল্প-সাহিত্যের কাগজও প্রকাশ করে আসছে।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১০ অক্টোবর ২০২৬