চাঁদপুর জেলায় ৯টি সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন

ভোটারদের কাছে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনি এলাকায় নতুন নতুন সেতু চান। তাদের সেই চাওয়া পূরণে ২৫৬টি সেতু নির্মাণের প্রকল্প নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা। এরই মধ্যে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এরমধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও রয়েছে তালিকায়।

তালিকায় দেখা যায়, সবচেয়ে বেশি সেতু নির্মাণ করা হচ্ছে বগুড়ায়, যার সংখ্যা ২৪টি। এরপর রয়েছে নরসিংদী ১৬টি, সিলেট ১৪টি, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ১১টি করে এবং বরিশাল, নেত্রকোনা ও চাঁদপুরে ৯টি করে সেতু নির্মাণের কথা বলা হয়েছে।

অনুমোদিত ৯টি সেতুর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় তিনটি এবং শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় একটি করে সেতু রয়েছে। ঢাকার দূরত্ব কমাবে ৮০০ মিটারের সেতু

প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর–মনোহরখাদী সড়কে ধনাগোদা নদীর ওপর ৮০০ মিটার দীর্ঘ সেতুটি। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হলে চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে চাঁদপুরের সড়কপথের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমে আসবে।

এ ছাড়া সদর উপজেলার ইসলামপুর–গাছতলা সড়কে ডাকাতিয়া নদীর ওপর ২০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণে প্রায় ৭০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সেতুটি নির্মিত হলে বাগাদী ইউনিয়নের জনবিচ্ছিন্ন চরমেয়াশা গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব হবে। একই উপজেলার মির্জাপুর–মৈশাদী সড়কে মঠখোলা খালের ওপর ৯৮ মিটার দীর্ঘ আরেকটি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

চাঁদপুরে অন্য উপজেলায় আরও ছয়টি সেতু-

শাহরাস্তি উপজেলার খিলা বাজার জিসি–চিতোষী বাজার জিসি সড়কে ডাকাতিয়া নদীর ওপর ১৩০ মিটার দীর্ঘ আরসিসি সেতু নির্মাণ করা হবে। হাজীগঞ্জ উপজেলার পালিশারা বাজার–সোনাপুর সড়কের ডাকাতিয়া শাখা নদীর ওপর নির্মিত হবে ৫০ মিটার দীর্ঘ সেতু।

মতলব উত্তর উপজেলার উত্তর টরকী–শিবপুর খেয়াঘাট ভায়া তাতুয়া মিজিবাড়ী সড়কে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। মতলব দক্ষিণ উপজেলার কলাদী–দক্ষিণ বাইশপুর সড়কে জমজমিয়া খালের ওপর নির্মিত হবে ৫০ মিটার দীর্ঘ সেতু।

ফরিদগঞ্জ উপজেলার রূপসাগঞ্জ–জয়গঞ্জ সড়কে ডাকাতিয়া নদীর ওপর ১৬০ মিটার দীর্ঘ সেতু নির্মিত হবে। এটি ১০ নম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌরসভার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে কচুয়া উপজেলার সাচার ইউপি–রাগদৈল বাজার সড়কে পালাখাল খালের ওপর নির্মিত হবে ৪৬ মিটার দীর্ঘ সেতু।

চাঁদপুরের যোগাযোগব্যবস্থার দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়নে একনেকে ৯টি সেতুর অনুমোদনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন জেলার জনপ্রতিনিধি ও সচেতন মহল। এখন এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই সম্ভাবনা বাস্তবে রূপ নেবে।

চাঁদপুর টাইমস ডেস্ক/
১৯ নভেম্বর ২০২৬