চিত্রনায়ক ডি এ তায়েবকে সংবর্ধনা ও মিলনমেলা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সর্বোচ্চ ভোটে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় চিত্রনায়ক ডি এ তায়েবকে সংবর্ধনা প্রদান এবং তাঁর প্রতিষ্ঠিত ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও তাঁদের পরিবারকে নিয়ে এক আনন্দঘন পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই (শুক্রবার) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলীতে অবস্থিত গ্রীন মডার্ন পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের উপদেষ্টা চিত্রনায়ক ডি এ তায়েব। প্রধান উপদেষ্টা ছিলেন অতিথি গ্রুপ লিমিটেডের পরিচালক লায়ন মো. নূরনবী মৃধা। প্রধান পৃষ্ঠপোষক সিআইপি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আহম্মেদ আল জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযোজক, গবেষক, লেখক, নির্মাতা এবং এসজি প্রোডাকশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবা শাহরীন ও ডি এ তায়েবের কন্যা দেওয়ানজী তুশমি তায়েব টুনটুনি।
এছাড়াও চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রনায়ক ডি এ তায়েবের সকল সংগঠনের উপদেষ্টা ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো. মনসুর হোসেন মানিক ও পরিচালনা করেন সুপারস্টার ডি এ তায়ের অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী।

দিনব্যাপী আয়োজনে শিশু ও নারীদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও পারিবারিক আবহে সম্পন্ন হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক ডি এ তায়েব বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়; এটি আমার সঙ্গে পথচলা সকল সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ভালোবাসার প্রতিফলন। শিল্পী সমাজের মর্যাদা রক্ষা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। পরিবারকে সঙ্গে নিয়ে এমন মিলনমেলা পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং আগামী দিনের পথচলায় আমাদের অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে ডি এ তায়েবের কয়েকটি সংগঠনের প্রায় ৪” শতাধিক সদস্য ও তাদের পরিবাররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৬ জুলাই ২০২৬