Home / উপজেলা সংবাদ / হাইমচর / চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, হাইমচরে বিক্ষোভ
জুলাই

চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, হাইমচরে বিক্ষোভ

চাঁদপুরের জুলাই-২৪ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ হাইমচর, চাঁদপুর জেলা শাখা।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হাইমচরের আলগী বাজারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে থানা-উপজেলা সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই-২৪-এর স্মৃতি স্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি ছাত্র-জনতার আত্মত্যাগ, গণআন্দোলন ও ঐতিহাসিক স্মৃতির প্রতীক। এই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরও বলেন, জুলাইয়ের চেতনা ও আত্মত্যাগকে কোনোভাবেই অবমাননা করতে দেওয়া হবে না। স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সবাইকে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা।

সমাবেশে আহ্বায়ক প্রফেসর হারুনর রশীদ গাজী বলেন, “জুলাইয়ের আন্দোলন ছিল এ দেশের ছাত্র-জনতার অধিকার ও আত্মত্যাগের এক ঐতিহাসিক অধ্যায়। সেই আন্দোলনের স্মৃতি বিজড়িত স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। জুলাইয়ের ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি রক্ষায় আমরা ঐক্যবদ্ধ রয়েছি।”

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
৬ নভেম্বর ২০২৬