Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে প্রান্তিক খামারিদের উৎপাদন ও বিপণনে সহযোগিতার আশ্বাস
প্রান্তিক

হাইমচরে প্রান্তিক খামারিদের উৎপাদন ও বিপণনে সহযোগিতার আশ্বাস

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় বিভিন্ন পর্যায়ের খামারিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি, খামারিদের সমস্যা এবং নতুন উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানিক বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা খলিলুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। খামারিরা দুধ, মাংস ও ডিমের উৎপাদন যত বেশি বাড়াতে পারবেন, মানুষের আমিষের চাহিদা পূরণ তত সহজ হবে। খামারিদের উৎপাদন বৃদ্ধিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় প্রান্তিক খামারিদের সমস্যার কথা তুলে ধরে খামারি সোহরাব হোসেন বলেন, হাইমচরের নদী ও চরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় অনেক খামারি দুধ উৎপাদন করলেও তা বাজারজাত ও বিক্রি করতে নানা সমস্যার সম্মুখীন হন। যোগাযোগ ও পরিবহনসংকটের কারণে অনেক সময় উৎপাদিত দুধ বিক্রি করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় প্রান্তিক খামারিদের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানিক বিশ্বাস বলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সব সময় প্রান্তিক খামারিদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। গবাদিপশু, হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ, টিকাদান ও আধুনিক খামার ব্যবস্থাপনায় খামারিদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যারা নতুন করে খামার গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করতে চান, তাদের জন্যও প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাইমচর একটি নদী ও চরাঞ্চলবেষ্টিত উপজেলা। এখানকার প্রান্তিক খামারিদের উৎপাদিত দুধ ও অন্যান্য প্রাণিজ পণ্য সহজে বাজারজাত করার সুযোগ সৃষ্টি করা গেলে প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২৬ নভেম্বর ২০২৬;ড়