চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের সোহেল মাঝির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর টং দোকানে গিয়ে সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় তিনি সোহেল মাঝির চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার (২৩ নভেম্বর) ইউএনও মো. নজরুল ইসলাম সোহেল মাঝির দোকানে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। এ সময় সোহেল মাঝি তাঁর বর্তমান দোকানটি অন্যত্র স্থানান্তর করে আরও বড় পরিসরে নতুনভাবে ব্যবসা শুরু করার আগ্রহ প্রকাশ করেন।
তাঁর এ আগ্রহের কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দোকানটি স্থানান্তর ও নতুনভাবে চালু করার ক্ষেত্রে উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
সোহেল মাঝি ও তাঁর বোন রেহানা আক্তারকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হয়েছে। তাঁদের বিষয়ে অবগত হওয়ার পর সোহেল মাঝির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাঁর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মাঝিকে আশ্বস্ত করেন, তাঁর স্বাভাবিক জীবনযাপন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
২৩ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur