চাঁদপুরে গাছতলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে জখম, আহত ৩
চাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর শহর তলীর মেরিন একাডেমি সংলগ্ন ইসলামপুর গাছতলা এলাকায় পাঠান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পাঠান বাড়ির গফুর পাঠানের পুত্র দেলোয়ার হোসেন চুন্নু পাঠান (৬০), তার ছেলে শুভ পাঠান (২৪) এবং ইদ্রিস পাটওয়ারীর ছেলে
আনোয়ার পাটওয়ারী (৩৮)। এদের মধ্যে দেলোয়ার হোসেন চুন্নুর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহতরা জানায়, বাড়ির পাশের প্রায় সাড়ে ৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বশির পাঠান, সুমন পাঠান ও রণি পাঠানদের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে দুই দিন আগে একটি সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। সালিশে সংশ্লিষ্টদের নিজ নিজ জমিতে বাউন্ডারি নির্মাণের অনুমতি দেওয়া হয়।
কিন্তু ঘটনার দিন সকালে দেলোয়ার হোসেন চুন্নুর পরিবারবারের লোকজন বাউন্ডারি নির্মাণের প্রস্তুতি নেওয়ার সময় প্রতিপক্ষ বশির পাঠান, সুমন পাঠান এবং তাদের ছেলে রণি ও রুবেল তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে তাদের অভিযোগ । এতে দেলোয়ার হোসেন চুন্নুসহ ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, এর আগেও প্রায় তিন মাস পূর্বে একই বিরোধকে কেন্দ্র করে তাদের নির্মিত বাউন্ডারি ভেঙে ফেলেন হামলাকারীরা।
ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
প্রতিবেদক: কবির হোসেন মিজি
২৫ এপ্রিল ২০২৬