আমাদের প্রিয় মাতৃভূমি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ- মোশারফ হোসাইন
সাম্য,সৌহার্দ্য এবং সম্প্রীতির বার্তা নিয়ে চাঁদপুর শহরের বিভিন্ন দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন। ১৯ অক্টোবর সোমবার বিকেলে থেকে রাত ৯টা পর্যন্ত তিনি পৌর এলাকার বাবুরহাট, দাসাদী, মঠখোলা, পাল পাড়া, মিশন রোড, কালিবাড়ী এবং পুরানবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিটি পূজামন্ডপে দর্শনার্থী ও পূজারীদের সাথে সম্প্রীতির শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বশীল কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ব্যক্তিগত অনুদান তুলে দেন।
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন তার বক্তব্য বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে মিলে মিশে বসবাস করছে। আমাদের নেতা, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন- “কোন সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। ধর্ম যার যার রাষ্ট্র সবার। এখানে এক আকাশের নিচে, এক মাটিতে প্রতিটা নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করবে।”
তিনি আরো বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটি বাংলাদেশের সাংস্কৃতিক একটি অংশ। আপনারা যাতে শান্তিপূর্ণভাবে এই উৎসবটি পালন করতে পারেন, এজন্য বিএনপির নেতাকর্মী আপনাদের পাশে আছে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের নেতৃত্বে আমরা আপনাদের পাশে থাকবো।
চাঁদপুর সরকারি কলেজের সাবেক নির্বাচিত জিএস মোঃ মোশারফ হোসাইন আরো বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার সভ্য সমাজ বিনির্মাণে আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেক বাবা-মায়ের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমি এমন একটি চাঁদপুরে স্বপ্ন দেখি যে এখানে প্রত্যেকটা নাগরিক সোহার্দ্য-সম্প্রীতি সম্প্রীতির পারিবারিক বন্ধনের মতো বসবাস করবে। যে চাঁদপুরে কোন বৈষম্য থাকবে না। মাদক, কিশোর গ্যাংসহ কোন সামাজিক অপরাধ থাকবে না। মহান আল্লাহ যদি আমাকে কখনো আপনাদের সেবক হিসেবে কবুল করেন, তবে ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে আমি একটি সুন্দর চাঁদপুর পৌরসভা গড়ে তুলবো।
এ সময় বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বশীল কর্মকর্তা এবং সনাতন ধর্মালম্বী পূজারিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৯ অক্টোবর ২০২৬