শাহরাস্তিতে অবৈধ বালু উত্তোলন, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে জমির মালিক ও ড্রেজার মালিককে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের রাজারামপুর কর্নপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দণ্ডাদেশ দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
দণ্ডপ্রাপ্তরা হলেন জমির মালিক শাহরাস্তি উপজেলার খেড়িহর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. আবদুর রহমান এবং অবৈধ ড্রেজার মেশিনের মালিক মো. ফারুক হোসেন। আবদুর রহমানকে ১ লাখ টাকা এবং ফারুক হোসেনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ফারুক হোসেনের বাড়ি মনোহরগঞ্জ উপজেলায়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলতে থাকবে। অভিযানে উপজেলা আনসার ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
শাহরাস্তি প্রতিনিধি/
২১ অক্টোবর ২০২৬