চাঁদপুর কণ্ঠের মোস্তফা কামাল খান সুজনের ইন্তেকাল

দৈনিক চাঁদপুর কণ্ঠের শহর প্রতিনিধি মো. মোস্তফা কামাল খান (সুজন) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ভোররাতে (ফজরের সময়) চাঁদপুর শহরের তালতলা বকাউল বাড়ি রোডস্থ সুরভি ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন দৈনিক চাঁদপুর কণ্ঠে সাংবাদিকতার পাশাপাশি কম্পিউটার বিভাগেও দক্ষতার সাথে কাজ করেছেন। এছাড়া তিনি চাঁদপুর শহরের মিশন রোডস্থ জনকল্যাণ ফিজিওথেরাপি অ্যান্ড ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

মো. মোস্তফা কামাল খান (সুজন) ছিলেন সদাহাস্যোজ্জ্বল ও মৃদুভাষী। তিনি মৃত আলী নেওয়াজ খানের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে সোমবার তার আকস্মিক মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ্যমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঁদপুর প্রেসক্লাব, দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবারসহ সাংবাদিক মহল ও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে শহরের তালতলাস্থ বাড়িতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান।

মরহুমের প্রথম জানাজা সোমবার বাদ আসর চাঁদপুর শহরের তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি বড়বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত, বার্তা সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ এবং মরহুমের ছোটভাই শাখাওয়াত হোসেন খান রাজন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যবস্থাপক ও সিনিয়র স্টাফ রিপোর্টার সেলিম রেজা, বাংলাদেশ প্রতিদিনের চাঁদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের চীফ ফটোগ্রাফার চৌধুরী ইয়াছিন ইকরাম, সার্কুলেশন ম্যানেজার সোহাঈদ খান জিয়া, সিনিয়র স্টাফ রিপোর্টার মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান গাজী, স্টাফ রিপোর্টার উজ্জ্বল হোসাইন, বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন প্রমুখসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজায় ইমামতি করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুস সালাম।

চাঁদপুর প্রেসক্লাবের শোক : দৈনিক চাঁদপুর কণ্ঠের শহর প্রতিনিধি মো. মোস্তফা কামাল খান সুজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার শক্তিদানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবারের শোক : দৈনিক চাঁদপুর কণ্ঠের শহর প্রতিনিধি মো. মোস্তফা কামাল খান (সুজন)-এর আকস্মিক মৃত্যুতে দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবার গভীর শোকাহত। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশার, প্রধান সম্পাদক রোটা. কাজী শাহাদাত ও বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ সহকর্মীবৃন্দ। সোমবার সন্ধ্যায় দৈনিক চাঁদপুর কণ্ঠ কার্যালয়ে মো. মোস্তফা কামাল খান (সুজন)-এর কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।

স্টাফ করেসপন্ডেট/
১৯ অক্টোবর ২০২৬