যদি সুযোগ পাই, সুন্দর চাঁদপুর বিনির্মাণে কাজ করে যাবো- মোশাররফ হোসাইন
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেছেন, আমি এমন একটি চাঁদপুরের স্বপ্ন দেখি, যে চাঁদপুর সকল ধর্মের, বর্ণের, গোত্রের মানুষের জন্য নিরাপদ শহর হয়ে উঠবে। যেখানে কোন হিংসা-বিদ্বেষ, হানাহানি, মারামারি, মাদক, সন্ত্রাস থাকবে না। যে চাঁদপুর হবে উন্নয়নমুখী, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিমুখি। যে চাঁদপুরের প্রত্যেকটা নাগরিক আধুনিক সুযোগ-সুবিধা পাবে। যে চাঁদপুরের স্বপ্ন দেখছেন আমাদের প্রিয় অভিভাবক জনাব শেখ ফরিদ আহমেদ মানিক এমপি। সেই স্বপ্নের চাঁদপুর বিনির্মাণে একজন সহযাত্রী হতে আমি আপনাদের সকলের দোয়া, ভালোবাসা এবং সমর্থন কামনা করছি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী মানুষদের সাথে কুশল বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
এদিন তিনি চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডের হরিজন কলোনির পূজা মন্ডপ, নতুন বাজার গোপাল জিউর আখড়া পূজা মন্ডপ, দাসপাড়া পূজা মন্ডপ, দাসপাড়া শিব মন্দির পূজা মন্ডপ, পালপাড়া পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গাপূজা মন্ডপ গুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় শেষে ব্যক্তিগত অর্থে অনুদান প্রদান করেন।
চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস এবং সাবেক ছাত্রনেতা মোশারফ হোসেন আরো বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার নিয়ে নিরাপদে বসবাস করবে। আমার নেতা বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তেমন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এবছর সারা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী মানুষ উৎসবের সাথে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং চাঁদপুর সদর আসনের এমপি’র পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা জানাই।
তিনি বলেন, আমি একজন সাধারণ ঘরের সন্তান। জীবন সংগ্রামে যা আমি অর্জন করেছি তা আমার প্রাপ্তির চেয়েও অনেক বেশি। আমার জীবনে আর পাবার কিছু নেই। এখন জীবনের বাকিটা সময় কল্যাণে কাজ করতে চাই। একজন সাধারণ পরিবারের সন্তান হিসেবে আমি আপনাদের মনের কথা বুঝতে পারি। আপনারা যে চাঁদপুরে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন আমিও দেখি। আমি কথা দিচ্ছি যদি কখনো সুযোগ পাই, জীবনের সবটকু দিয়ে একটি সুন্দর চাঁদপুর বিনির্মাণে মানে কাজ করে যাব।
এ সময় বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বগত কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২০ অক্টোবর ২০২৬