কচুয়া তেগুরিয়া ওবায়েদুল হক উবির অ্যাডহক কমিটির সভাপতি নাজমুন নাহার বেবী

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবী। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিদ্যালয়টির অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা ওই অফিস আদেশে কমিটির সদস্যদের নাম ও দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুন নাহার বেবী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারী পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে ফেরদৌসী আক্তারকে সদস্য করা হয়েছে। তিনি জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত হয়ে কমিটিতে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ শাহীন পাটোয়ারীকে সদস্য মনোনীত করা হয়েছে। তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনয়ন দেওয়া হয়েছে। নতুন অ্যাডহক কমিটি গঠনের মধ্য দিয়ে তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিদ্যালয়ের শিক্ষা পরিবেশের উন্নয়ন, শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয় কচুয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি নাজমুন নাহার বেবীর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে—এমন প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ সেপ্টম্বর ২০২৬