কচুয়া-ঢাকা-গৌরীপুর সড়কে ছিনতাই-ডাকাতি প্রতিরোধে ঝোপঝাড় পরিষ্কার
কচুয়া-ঢাকা-গৌরীপুর সড়কের বাতাপুকুরিয়া এলাকায় রাতের বেলায় ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কের দুই পাশে ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. শাহীন পাটোয়ারীর উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃহ¯পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাতাপুকুরিয়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া-ঢাকা-গৌরীপুর সড়কের বাতাপুকুরিয়া এলাকায় সড়কের দুই পাশে ঘন ঝোপঝাড় থাকায় রাতের বেলায় চলাচলকারী যানবাহন ও পথচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। ঝোপঝাড়ের কারণে সড়কের বিভিন্ন অংশ আড়াল হয়ে থাকায় অপরাধমূলক কর্মকান্ডের আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, “সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব। সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হলে চলাচলের পরিবেশ আরও উন্মুক্ত হবে। ছিনতাই ও ডাকাতিসহ অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশি নজরদারি ও টহল অব্যাহত থাকবে। অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
উদ্যোগের বিষয়ে বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. শাহীন পাটোয়ারী বলেন, “এলাকার মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। সড়কের দুই পাশের ঝোপঝাড়ের কারণে রাতের বেলায় সাধারণ মানুষ নানা ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন। আমরা চাই, এই সড়কে মানুষ নিরাপদে চলাচল করুক। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”
এলাকাবাসী জানান, সড়কের ঝোপঝাড় পরিষ্কারের পাশাপাশি নিয়মিত পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হলে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির ঝুঁকি কমবে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে স্থানীয় উদ্যোগের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত ব্যক্তিরা।
কচুয়া প্রতিনিধি/
৬ নভেম্বর ২০২৬