নার্স ডেকে আনলেন যাত্রীরা, বাসেই জন্ম নিল ফুটফুটে শিশু

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসেই সন্তান প্রসব করেছেন এক নারী। প্রসবব্যথা শুরু হলে স্বামীর অনুরোধে বাস থামান চালক। পরে যাত্রীদের সহযোগিতা ও হাসপাতালের নার্সদের উপস্থিতিতে বাসের মধ্যেই জন্ম নেয় নবজাতক। এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের ওয়্যারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বাসে ওঠেন ওই নারী। জগৎপুর বাজার পার হওয়ার পর তার স্বামী চালকের কাছে সামনের দিকে হাসপাতাল আছে কি না জানতে চান। চালক মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার কথা জানান।

বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। তার স্বামী বাস থামানোর অনুরোধ করলে যাত্রীরা সহযোগিতায় এগিয়ে আসেন। পরে বিজরা বাজারে বাস থামিয়ে পাশের হাসপাতালের নার্সদের ডেকে আনা হয়।

নার্সরা বাসে ফিরে এসে দেখেন, ওই নারীর প্রসবপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাদের সহযোগিতায় বাসের মধ্যেই নবজাতকের জন্ম হয়।

এদিকে, প্রসূতির জন্য বাসটি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও যাত্রীদের অনুরোধে চালক ও স্টাফরা অপেক্ষা করেন। পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ বিকল্প বাসের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়।

জরুরি মুহূর্তে সহযাত্রীদের সহযোগিতা, নার্সদের দ্রুত সাড়া এবং পরিবহন কর্মীদের মানবিক আচরণে ঘটনাটি যাত্রীদের মধ্যে প্রশংসা ও আনন্দের সৃষ্টি করে।

স্টাফ করেসপন্ডেট/
২৮ নভেম্বর ২০২৬