গাজায় নতুন ঝড়ের শঙ্কার ঝুঁকিতে ১৩ লাখ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে জরাজীর্ণ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাসকারী ১৩ লাখের বেশি ফিলিস্তিনি ঝুঁকিতে রয়েছেন। শুক্রবার ২৭ নভেম্বর গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এ সতর্কবার্তা দিয়েছে।
বিভাগটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজার প্রায় ৬৫ শতাংশ মানুষ বসবাসের অনুপযোগী তাঁবুতে রয়েছেন। ভারী বৃষ্টিতে প্রায় দুই লাখ জরাজীর্ণ তাঁবু ও এক হাজার আশ্রয়কেন্দ্র প্লাবিত হতে পারে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেওয়া মানুষের প্রাণহানির ঝুঁকিও রয়েছে।
দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সহায়তা চেয়েছেন তিনি। উদ্ধারকাজে প্রয়োজনীয় যানবাহন, জ্বালানি, পানির পাম্প ও অন্যান্য সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। বাস্তুচ্যুত মানুষের জন্য টেকসই তাঁবু সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারেরও আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে গত ৬ নভেম্বর গাজায় ঝড়ে দেইর আল-বালাহ শহরে তাঁবুর ওপর বালুর বাঁধ ধসে দুই নারী ও তিন শিশুসহ পাঁচজন নিহত হন। ওই ঝড়ে ৭০ হাজারের বেশি তাঁবু পানিতে তলিয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হন প্রায় সাড়ে তিন লাখ মানুষ।
দীর্ঘ সংঘাতে ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হওয়ায় গাজাবাসী এখন চতুর্থ শীতের মুখোমুখি। লাখো মানুষ তাঁবুতে বসবাস করছেন, যেখানে খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এর মধ্যে নতুন ঝড়ের পূর্বাভাসে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানো না গেলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়তে পারে।
২৮ নভেম্বর ২০২৬
এ জি