কচুয়া জগতপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ৬
কচুয়া উপজেলার জগতপুর মধ্য বাজারে ভাই ভাই এগ্রো নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। এতে প্রতিপক্ষের হামলায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, একই এলাকার তরিকুল ইসলাম, জাহিদুল ইসলাম রাকিব, নিজাম উদ্দিন, ফরিদুল ইসলাম, রবিউল ইসলাম ও ফাুহিম হোসেন। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. মাসুদুল ইসলাম বাদী হয়ে রবিবার সন্ধ্যায় একই এলাকার নুরুল ইসলামকে ১নং অভিযুক্ত আসামী করে ৫ জনের নামীয় ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামী করে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার জগতপুর (আকন্দি বাড়ী) এলাকার বাসিন্দা ও জগতপুর বাজারের ভাই ভাই এগ্রো কমপ্লেক্স প্রতিষ্ঠানের মালিক মো. মাসুদুল ইসলাম অভিযোগ করেন, গত ৩০ মে রাত ১১টার দিকে তার ভগ্নিপতি মো. ওমর ফারুকের সঙ্গে একজন অটোরিকশা চালকের যাতায়াত সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয় ওই ঘটনার জেরে পরদিন রবিবার ১১টার দিকে অভিযুক্তরা আরও ২০-২৫ জন
অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে জগতপুর বাজারে অবস্থিত ভাই ভাই এগ্রো কমপ্লেক্স ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা চালায়। এ সময় দোকানের গ্লাস ভাঙচুর, পশুখাদ্য নষ্ট ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি করা হয়। ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা দোকানের ক্যাশ বক্স ভেঙে নগদ ১৮ লাখ ৩৩ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া ভাঙচুর ও মালামাল নষ্টের ফলে প্রায় ১১ লাখ ৬৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলা ঠেকাতে গেলে কয়েকজনকে মারধর করা হয়। এতে একাধিক ব্যক্তি আহত হন।
আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে ব্যবসায়ী মো. মাসুদুল ইসলাম বলেন, “ঘটনার পর আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের
জন্য থানায় অভিযোগ করেছি।” কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর দায়ের করা অভিযোগে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
=> জিসান আহমেদ নান্নু, ১ জুন ২০২৬