কচুয়ায় সরকারি ভাতা পেলেও চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামে একই পরিবারের ৫ সদস্য শারীরিক ও বাকপ্রতিবন্ধিতার কারণে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের সবাই সরকারি প্রতিবন্ধী ভাতার আওতায় থাকলেও বর্তমানে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তারা। ফলে দিন দিন শারীরিক অবস্থার অবনতি হলেও অনেকটা অসহায় হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। মেঘদাইর গ্রামের বাসিন্দা মো: আমানউল্লাহর এর পুত্র মহিউদ্দিন (৩৮) নিজেও শারীরিক প্রতিবন্ধী।

শারীরিক নানা সীমাবদ্ধতা নিয়েও অটো-রিকশা চালিয়ে কোনো রকমে সংসারের হাল ধরে রেখেছেন তিনি। তার স্ত্রী কুহিনুর আক্তারও বাক্প্রতিবন্ধী। তাদের ১২ বছর বয়সী মেয়ে রিয়া আক্তার ও ১০ বছর বয়সী ছেলে সিয়ামও শারীরিক প্রতিবন্ধিতায় ভুগছে। একই পরিবারের আরেক সদস্য মহিউদ্দিনের মা বেহেশতী বেগম (৫০) শারীরিক প্রতিবন্ধী। একসঙ্গে পরিবারের ৫ সদস্য প্রতিবন্ধী হওয়ায় স্বাভাবিক জীবনযাপন ও সংসারের ব্যয় নির্বাহ করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মহিউদ্দিন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও প্রতিদিন অটো-রিকশা চালিয়ে যে সামান্য আয় করেন, তা দিয়ে পরিবারের খাবার ও নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতেই হিমশিম খেতে হয়। এর ওপর পরিবারের একাধিক সদস্যের চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। পরিবারটির সদস্যরা সরকারি প্রতিবন্ধী ভাতা পেলেও তা প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের খরচ মেটানোর জন্য যথেষ্ট নয়। দীর্ঘদিন ধরে সঠিক চিকিৎসার অভাবে পরিবারের সদস্যরা কষ্টে দিন কাটাচ্ছেন। অসুস্থতা ও প্রতিবন্ধকতার কারণে শিশুদের স্বাভাবিক জীবন ও পড়াশোনাও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। পরিবারটির দাবি, যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা পেলে তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরতে পারে। কিন্তু আর্থিক সংকটের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও নিয়মিত ওষুধ কেনা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল মানুষ ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

বিশেষ করে পরিবারের ৫ সদস্যের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। পরিবারটির চিকিৎসা ও আর্থিক সহায়তায় কেউ এগিয়ে আসতে চাইলে মহিউদ্দিনের বাবা আমানউল্লাহর ০১৮৭৫-১২৭২৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, মানবিক দৃষ্টিকোণ থেকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা পরিবারটির পাশে দাঁড়াবেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে সহযোগিতা করবেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ আগস্ট ২০২৬