কচুয়ায় রিয়েল ভিশন গ্রুপের মতবিনিময় সভা
ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি এবং চলমান প্রজেক্টের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় রিয়েল ভিশন গ্রুপের অন্যতম প্রজেক্ট ইউনিটি গার্ডেন ও শান্ত নিবাসের ব্যবসায়িক অংশীজন ও গ্রাহকদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে কচুয়া উপজেলার তেগুরিয়া শিশুবিদ্যা নিকেতনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মাওলানা ওমর ফারুক সভাপতিত্ব করেন। এ সভায় তিনি উপস্থিত ব্যবসায়িক অংশীজন ও গ্রাহকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তব্যে মাও: ওমর ফারুক ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, পারস্পরিক বিশ্বাস ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গ্রাহকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে নিয়মনীতি অনুসরণপূর্বক প্রজেক্টের কার্যক্রম পরিচালনা এবং অংশীজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন রিয়েল ভিশন গ্রুপের পার্সেন্ট ও ভেরিফাই কমিটির সভাপতি মো. আইয়ুব আলী, গ্রুপের পরিচালক মো. মনির হোসেন খান, ইঞ্জিনিয়ার মো. আবু হানিফ, মো. কামরুজ্জামান ও বদিউল আলম পাটোয়ারীসহ গ্রুপের অন্যান্য কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় রিয়েল ভিশন গ্রুপের সদস্যবৃন্দ প্রজেক্টের কার্যক্রম নিয়মনীতি অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, তা পরিদর্শনের মাধ্যমে পর্যবেক্ষণ করেন। এ সময় প্রজেক্টের সার্বিক কার্যক্রম ও দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। পাশাপাশি ভবিষ্যতেও নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করে পরিকল্পিতভাবে প্রজেক্টের উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৬ নভেম্বর ২০২৬