কচুয়ায় যুবকের ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হলো না
চাঁদপুরের কচুয়া উপজেলার চৌমুহনী আমতলা এলাকায় শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ তাফহিমুল ইসলাম (২০) নামে এক যুবকের করুন মৃত্যু হয়েছে। ভিসা পেয়েও ইতালি যাওয়ার স্বপ্ন পূরন হলো না তার। শনিবার তার ইতালি যাওয়ার ফ্লাইট ছিল। নিহত তাফহিমুল ইসলাম কচুয়ার উজানী গ্রামের জাকির হোসেনের পুত্র। সে তার নানা মনপুরা গ্রামের হাটখোলা বাড়ির হানিফ মাস্টারের বাড়িতে থাকত।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তাফহিমুল ইসলাম বন্ধুদের সাথে দুইটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় তারা। এসময় চৌমুহনী আমতলা এলাকায় আকস্মিকভাবে পরস্পর দুটি মটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়ে তাফহিমুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি। এই ঘটনায় মটরসাইকেল আরহী মেহেদী হাসান গুরুতর আহত হয়েছে।
কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৫ আগস্ট ২০২৬