কচুয়ায় ভাঙ্গা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি. মহসিন মোল্লা
চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. মহসিন মোল্লা তার নিজস্ব অর্থায়নে উপজেলার উত্তর পালাখাল-সিংআড্ডা সড়কের ভেঙে যাওয়া বিভিন্ন অংশে সংস্কার করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। জানাগেছে, দীর্ঘ কয়েক বছর ধরে জনগুরুত্বপূর্ণ উত্তর পালাখাল-সিংআড্ডা সড়কের বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটির বেহাল অবস্থার কারণে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে। এ অবস্থায় স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে জনস্বার্থে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. মহসিন মোল্লা নিজ উদ্যোগ ও অর্থায়নে ভেঙ্গে যাওয়া সড়কটি গত ২দিন ধরে ইটা-বালি দিয়ে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন। এতে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ স¤পন্ন হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দা মো: মামুন সরকার, হোসেন মাষ্টারসহ আরও অনেকে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার প্রয়োজন হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ইঞ্জিনিয়ার মো. মহসিন মোল্লা ব্যক্তিগতভাবে এগিয়ে এসে সড়কটি মেরামত করায় জনদুর্ভোগ অনেকাংশে কমেছে। তারা এ উদ্যোগকে জনকল্যাণমূলক কাজ হিসেবে উল্লেখ করেন। এ বিষয়ে ইঞ্জিনিয়ার মো. মহসিন মোল্লা বলেন, “জনগণের কষ্ট দেখেই আমি নিজ উদ্যোগে সড়কটি সংস্কারের ব্যবস্থা করেছি। এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করাই আমার লক্ষ্য। ভবিষ্যতেও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই।” তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকেই আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৬ জুন ২০২৬