কচুয়ায় বৃদ্ধ মহিলাকে জবাই করে হ/ত্যা, স্বর্ণালংকার লুট, যুবক আটক
চাঁদপুরের কচুয়ায় ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধ মহিলাকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার বেরকোটা গ্রামে সিদ কেটে ঘরে ঢুকে এ ঘটনা ঘটে।
ফাতেমা বেরকোটা মিয়াজী বাড়ির মরহুম সাদেক মিয়াজীর স্ত্রী। তাঁর স্বামী সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় একই গ্রামের ইয়াসিন (১৮) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘবদ্ধ চোর চক্র ফাতেমা বেগমের ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাচ্ছিল। এ সময় বৃদ্ধ গৃহকর্তী মরিয়ম তাদের বাঁধা দিলে বা চিনে ফেলায় দুষ্কৃতিকারীরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। নিহত ফাতেমার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিল বলে জানাগেছে।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইয়াসিন (১৮) নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ জুন ২০২৬