ফরিদগঞ্জে জমি বিরোধে বসতঘর অতর্কিত হামলা-ভাঙচুর, আহত দুই
হঠাৎ হামলা, ভাঙচুর আর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে চাঁদপুরের ফরিদগঞ্জের চর রামপুর গ্রামের একটি পরিবার। অভিযোগ উঠেছে, ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিতে হামলা চালিয়ে বাড়িঘর ও বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এই রক্তক্ষয়ী ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরীসহ দুজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত একজনকে আটক করেছে।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চর-রামপুর খলিফার বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে।
অতর্কিত হামলায় আহতরা হলেন, আকলিমা (১৬) ও রিয়াদ (৩৫)। তাঁরা চর রামপুর এলাকার সফিক খলিফার সন্তান। উভয়ের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে রুবেল খলিফা (৩৭), রাজু খলিফা (২৫) ও মাসুদ (৪৫)সহ আনুমানিক ৫০ থেকে ৬০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ও বিভিন্ন সম্পদে ব্যাপক ভাঙচুর করা হয়। অভিযুক্ত রুবেল ও রাজু খলিফা মুখলেছ খলিফার ছেলে বলে জানা গেছে। আকস্মিক এই হামলার ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যা নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রুবেল খলিফাকে আটক করা হয়।
এদিকে হামলা ও ভাঙচুরে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্টরা। এর মধ্যে নগদ ৬ লাখ ৫০ হাজার টাকা লুটপাট এবং মোটরসাইকেলসহ অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি রয়েছে বলে জানা গেছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটল, কারা এর নেপথ্যে কলকাঠি নেড়েছে এবং কীভাবে ৫০-৬০ জনের একটি সংঘবদ্ধ দল হামলায় অংশ নিল-এমন নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে এলাকায়। এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যা জানান, ‘হামলার ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
ফরিদগঞ্জ প্রতিনিধি/
২২ নভেম্বর ২০২৬