অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিজিডিসিএল এমডির
গ্যাস সংকট, চাপ স্বল্পতা, গ্রাহক ভোগান্তি ও সেবার মানোন্নয়ন— এসব বিষয়কে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলায় অনুষ্ঠিত হলো বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর এক গুরুত্বপূর্ণ অংশীজন সভা। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় গ্রাহক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
‘গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা’ বিষয়ক এ সভায় স্থানীয় গ্রাহকদের দীর্ঘদিনের নানা সমস্যা ও অভিযোগ সরাসরি শুনেন বিজিডিসিএল কর্মকর্তারা। গ্যাসের স্বল্প চাপ, সংযোগ জটিলতা এবং সেবা প্রাপ্তির ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার বিষয়ে প্রশ্ন তোলেন গ্রাহক ও সাংবাদিকরা। এসব প্রশ্নের জবাবে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ বলেন, গ্রাহক সেবার মান উন্নয়নে বিজিডিসিএল আন্তরিকভাবে কাজ করছে এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, “কোম্পানির কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত থাকেন, তবে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।”
তিনি উপস্থিত জনসাধারণকে অনিয়মের তথ্য সরাসরি জানাতে আহ্বান জানান এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক মোঃ এনামুল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাসির। তিনি বলেন, “নিরবচ্ছিন্ন ও সঠিক গ্যাস সরবরাহ নিশ্চিত করতে শুধু কর্তৃপক্ষ নয়, গ্রাহকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ সোলায়মান, নাহিদ বানী ইসলাম, প্রকৌশলী মর্তুজা রহমান খান, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক, প্রকৌশলী আবু মোঃ জাহাঙ্গীর বাদশা, প্রকৌশলী ছগীর আহমেদ ও শ্যামল কুমার দত্তসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা।
অংশীজন সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর হোসেন সেলিম, জাকির উল্যাহ শাজুলী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। বক্তারা গ্যাস সেবার মান উন্নয়ন, দ্রুত সমস্যা সমাধান এবং গ্রাহকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সভাপতি সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। স্থানীয়দের মতে, এ ধরনের উন্মুক্ত আলোচনা ও অংশীজন সভা গ্যাস সেবার সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে এবং গ্রাহক ও কর্তৃপক্ষের মধ্যে আস্থা বৃদ্ধি করবে।
ছবিঃ কচুয়ায় অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন,বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক,প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ।
- নিজস্ব প্রতিবেদক/ ১২ মে ২০২৬