কচুয়া পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হ/ত্যা: জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার
চাঁদপুরের কচুয়ায় পরকীয়ার জেরে স্ত্রী মরিয়ম বেগমকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি স্বামী আলমগীর হোসেনকে কুড়িগ্রামের সোনাইমুড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত পরকীয়া প্রেমিকা শাহিনা আক্তারকেও আটক করা হয়েছে।
রবিবার সকালে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। কচুয়া থানার ওসি মো.আজিজুল ইসলাম বলেন, কচুয়ার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের সরকার বাড়িতে গত ২৫ জুন বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আলমগীর হোসেনের সঙ্গে একই বাড়ির শাহিনা আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি তার স্ত্রী মরিয়ম বেগম জানতে পারায় দু’জনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহিনা আক্তার প্রেমিক আলমগীরকে খবর দিয়ে উত্তেজিত করেন।
তিনি আরও বলেন, “এরপর আলমগীর হোসেন বৃহস্পতিবার তার স্ত্রী মরিয়মকে সকাল ও বিকালে দু’দফা মারধর করেন। এতে মরিয়ম গুরুতর অসুস্থ পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার দিনই অভিযান চালিয়ে শাহিনা আক্তারকে গ্রেফতার করা হয়। পলাতক আলমগীরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে র্যাব ও কুড়িগ্রামের থানা পুলিশের সহায়তায় তাকে আটক করে কচুয়া থানায় আনা হয়।
“পুশিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহতের বাবা মো. দীনেস মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেছেন। উল্লেখ্য ১৮ বছর আগে আলমগীরের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৮ জুন ২০২৬