কচুয়ায় এইচএসসিতে শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ, পাসের হার ৩৯.৯৬
সারাদেশের ন্যায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে চাঁদপুরের কচুয়া উপজেলাতেও এবারের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার আশানুরূপ না হওয়ায় সামগ্রিক ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, কচুয়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ এবং আলিম পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ১৩ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, এইচএসসি পরীক্ষায় উপজেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন শিক্ষার্থী। অন্যদিকে, আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে ৭ জন। কচুয়ায় ৯টি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৬২৯ জন। অকৃতকার্য হয়েছে ৯৪৫ জন শিক্ষার্থী। অপরদিকে, উপজেলার ১৪টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ৪৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২৯৫ জন। অকৃতকার্য হয়েছে ১৬৫ জন।
তবে সামগ্রিক ফলাফলের হতাশার মধ্যেও কচুয়ার কলেজ পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ। প্রতিষ্ঠানটি এবারও উপজেলা পর্যায়ে এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে।
ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ১৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৫৬ জন উত্তীর্ণ হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে ১ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। শিক্ষার্থীদের এই সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের অনুভূতি বিরাজ করছে।
অন্যদিকে, আলিম পর্যায়ে উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে নিশ্চিন্তপুর ডি.এস ইসলামিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৭ জন উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩১ অক্টোবর ২০২৬