কচুয়ায় আলোচিত মমতাজ বেগমের হ/ত্যার রহস্য উদঘাটন হয়নি এক বছরেও
কচুয়া উপজেলার চাপাতলী গ্রামের ব্রিক ফিল্ড ব্যবসায়ী বাচ্চু মিয়ার স্ত্রী মমতাজ বেগমের হত্যাকান্ডের ১ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত রহস্য উদঘাটন হয়নি। এ ঘটনায় বর্তমানে পুরো উপজেলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত বছরের ২৫ জুন রাত ১১টার উপজেলার চাপাতলী গ্রামের ব্যবসায়ীর মরহুম বাচ্চু মিয়ার স্ত্রী মমতাজ বেগম (৬৫) নামে বৃদ্ধা মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে ঝোপের মধ্যে পেলে চলে যায় দুর্বৃত্তরা।
নিহতের স্বজনরা জানান, দুর্বৃত্তরা মমতাজ বেগমের ছেলে সোহেলকে হত্যা করতে আসে, মমতাজ বেগম তাদেরকে চিনে ফেলায় তাকে হত্যা করে। ওই সময় ঘর থেকে নগদ সাড়ে ৪ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায়। মমতাজ বেগমকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে হয়েছে বলে দাবি করা হয়।
এ মামলাটি প্রথমে কচুয়া থানার পুলিশ ও চাঁদপুর ডিবি পুলিশ তদন্ত করেছে। ৮ মাস ধরে তদন্ত করে মামলার কোন কিছু ফলাফল না দিতে পারায় হতাশা নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর সহযোগিতা নেই বাদী সোহেল হোসেন। বর্তমানে ৪ মাস ধরে বর্তমানে পিবিআই মামলাটি তদন্ত করছে। এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন হবে কবে, আর কতদিন সময় লাগবে? নিহত মমতাজ বেগমের ভাই এনায়েত উল্লাহ বলেন, আমার বোনকে রাতের আধাঁরে ঘরে ঢুকে নৃশংসভাবে জবাই করে হত্যা করছে। আমরা থানায় মামলা করার পরেও এখনো ঘটনার কোন কুলকিনারা হচ্ছে না। আসামী গ্রেফতার করা তো দুরের কথা কোন তথ্যই আমরা পাচ্ছি না। আমার বোনের হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দ্রুত সময়ের মধ্যে করার জন্য প্রশাসনের নিকট দাবী জানাই।
আবু তাহের খোকন প্রধান বলেন, এমন চাঞ্চল্যকর হত্যার ঘটনায় প্রায় এক বছর উপরে অতিবাহিত হয়েছে,প্রশাসন কিভাবে এখনো নীরবতা পালন করছে আমরা বোধগম্য নই। একটি মোবাইল ফোনের সূত্রে নিয়ে একজনকে গ্রেফতার করেছে। বর্তমানে সে এখন জামিনে রয়েছেন।
প্রতিবেশি এমরান হোসেন বলেন, মামলা হলো ১ বছর পার হলেও পুলিশের কোন ভূমিকা চোখে পড়ছে না। কেন এই নীরবতা বুঝতে পারছিনা। থানায় গেলে বলে আমরা চেষ্টা করছি, কিন্তু দৃশ্যমান কোন কার্যক্রম চোখে পড়ছে না। আমরা দ্রুত এই হত্যার রহস্যের জট খুলতে প্রশাসনের প্রতি জোরদাবী জানাই।
নিহতের ছেলে সোহেল হোসেন বলেন, প্রায় ১ বছর হয়ে গেলো এখনো পর্যন্ত আমার মাকে কে বা কারা খুন করলো তা জানতে পারলাম না। আমরা কি বিচার পাবো না। কতোবার যে থানায় গেছি কিন্তু কোন আশ্বাসও পেলাম না। আমার মায়ের হত্যার কি কোন বিচার হবে না। মমতাজ বেগমের হত্যা মামলার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইনচার্জ মোঃ শাহজাহান কবির মুঠোফোনে জানান, মমতাজ বেগম হত্যা মামলাটি তদন্ত চলমান রয়েছে। মামলাটি দ্রুত একটি ফলাফল দিতে পারবো। কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান এ হত্যা মামলার ঘটনাটি আমাদের কাছে নেই। এই মামলা তদন্ত করছে পিবিআই ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ জুন ২০২৬