উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গড়তে পল্লী অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে হবে: ফরিদগঞ্জ ইউএনও
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বিআরডিবির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু।
সভাপতির বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, “একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গড়তে হলে আগে পল্লী অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে হবে। সরকারের মূল লক্ষ্যই হলো গ্রামকে শহরে রূপান্তর করা এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া। এছাড়া উপকারভোগীদের পক্ষ থেকে তাদের জীবনমান পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন ও মজিবুর রহমান।
বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিআরডিবির ক্ষুদ্র ঋণ ও প্রশিক্ষণ কর্মসূচি কৃষকদের স্বাবলম্বী করে তুলছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পল্লী উন্নয়নের বিকল্প নেই।
আলোচনা সভা শেষে পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখা এবং সফলভাবে ঋণ পরিশোধ করে স্বাবলম্বী হওয়া শ্রেষ্ঠ উপকারভোগীদের হাতে বিশেষ সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষায় উপস্থিত সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিআরডিবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান/
৬ জুলাই ২০২৬