Justice for Israt- হাজীগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ
চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। রোববার (৪ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন মডেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা।
এ সময় ‘নিরাপদ সড়ক চাই’, ‘Justice for Israt’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। পরে বিচারের দাবিতে সড়কে অবস্থান নিয়ে আধ ঘন্টার মতো অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধন ও বিক্ষোভে শিক্ষার্থী আব্দুর রহমান সানি, বিথি আক্তার জানান, আহত ইসরাতের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় দায়ী পক্ষকে বহন করতে হবে এবং দুর্ঘটনার জন্য দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দিনের বেলায় মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করারও দাবি জানান তারা।
গত ১৬ সেপ্টেম্বর শাহরাস্তির রাজাপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা হাজীগঞ্জ মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহানকে একটি পিকআপ বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইসরাত।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/
৪ অক্টোবর ২০২৬