দেশের ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন,‘তাদের অনেকেই দীর্ঘমেয়াদী ক্ষতির বিষয়টি জানেন না। এ পরিস্থিতি মোকাবিলায় এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার।’
শনিবার ২৮ নভেম্বর বিকেলে ঢাকার মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে এ রোগ শনাক্তের কাজ করবেন।’
এমএ মুহিত জানান,কিডনি সেবা সারা দেশে ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরিতে সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তায় প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী দু-তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি সেবা নিশ্চিত করা হবে। কিডনি রোগ,ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ— এ তিনটি রোগের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা.হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।
২৯ নভেম্বর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur