Home / শিক্ষাঙ্গন / আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫টি নির্দেশনা জারি
alim-medium

আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫টি নির্দেশনা জারি

চলতি বছরের আলিম পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি ২৫ দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো.ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, আলিম-২০২৬-এর নিয়মিত পরীক্ষার নীতিমালা অনুসরণপূর্বক সংশ্লিষ্ট কেন্দ্রের মাদ্রাসা প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) প্রতিস্বাক্ষরিত কেন্দ্রের তথ্য ছক ২৯ নভেম্বরের মধ্যে বোর্ডের দাপ্তরিক ই-মেইলে পাঠাতে হবে।

প্রশ্নপত্রের নিরাপত্তা ও ব্যবহার প্রসঙ্গে বলা হয়েছে, ট্রেজারি বা থানা লকারের ট্রাঙ্কে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট যাচাইকালে ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিত থাকতে হবে।

পরীক্ষার দিনগুলোতে পুলিশ পাহারায় প্রশ্নপত্রের প্যাকেট (সিকিউরিটি খাম) কেন্দ্রে আনতে হবে। বোর্ড কর্তৃক প্রেরিত এসএমএস (তিতাস অথবা কর্ণফুলী সেট কোড) পাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় সংরক্ষণ করতে হবে।

কেন্দ্রের শৃঙ্খলা ও আসন বিন্যাস সম্পর্কে নির্দেশনায় বলা হয়,ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না; ভারপ্রাপ্ত কর্মকর্তাও কেবল ছবি তোলা যায় না এমন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য এক জন এবং প্রতি কক্ষে কমপক্ষে দু’জন কক্ষ প্রত্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। ছাত্রীদের কক্ষে অবশ্যই একজন মহিলা শিক্ষক থাকতে হবে। কোনোক্রমেই কেন্দ্রস্থিত মাদ্রাসার শিক্ষক নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের কক্ষে দায়িত্ব পালন করতে পারবেন না।

এ ছাড়া কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে প্রতি বেঞ্চে সর্বোচ্চ দু’জনের আসন ব্যবস্থা করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কেন্দ্রের বাইরে শৃঙ্খলা রক্ষায় হ্যান্ড মাইক ও সিসি ক্যামেরা স্থাপন করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, পরীক্ষা শেষে বিষয় অনুসারে ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে। নিয়মিত ও অনিয়মিত উত্তরপত্র আলাদা করে হলুদ কাপড়ে মুড়িয়ে ডাকযোগে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের ঠিকানায় পাঠাতে হবে।

প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনের ক্ষেত্রে পুলিশের সংশ্লিষ্টতা নিশ্চিত করতে হবে।

২৯ নভেম্বর ২০২৬
এ জি